ইনস্টাগ্রামে মেসিকে ছাড়িয়ে রোনালদো

লিওনেল মেসি কিংবা জুভেন্তাসের চাইতেও দৃশ্যত ইনস্টাগ্রাম থেকে বেশি অর্থ আয় করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমটি থেকে গত বছর ৪ কোটি ৭৮ লাখ ডলার আয় করেছেন। হোপার এইচকিউর এক গবেষণা অনুযায়ী ৩৪ বছর বয়সি এই পর্তুগীজই হলেন ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি রোজগেরে মানুষ। গোলডটকম জানায়, রোনালদো জুভেন্তাস থেকে বছরে পান ৩ কোটি ৪০ লাখ ডলার। ইনস্টাগ্রামে দেওয়া বিজ্ঞাপিত পোস্টের প্রতিটিতে তিনি পান ৯ লাখ ৭৫ হাজার ডলার করে। তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির আয় রোনালদোর তুলনায় অর্ধেক যা ২ কোটি ৩৩ লাখ ডলার। হোপার এইচকিউ জানায়, ইনস্টাগ্রামে রোনালদোর অনুসারী হলেন ১৮ কোটি ৬০ লাখ। এ কারণে কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপনের জন্য রোনালদোর প্রতি পোস্টে প্রায় ১০ লাখ ডলার করে দেয়।