সরে দাঁড়াল আবাহনী

শেষ মুহূর্তে এসে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরে না খেলার সিদ্ধান্ত চিঠি দিয়ে আয়োজকদের জানিয়েছে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড।

আগামীকাল ১৯ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে এবারের প্রতিযোগিতা। বুধবার রাতে আবাহনী অংশ নেওয়ার ব্যাপারে অপারগতা জানিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির দুই জন কর্মকর্তা।

মিডিয়া কমিটির সদস্য সচিব মহসীন চৌধুরী বলেন, ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নেওয়ার ব্যাপারে গতকাল রাতে আবাহনী অপারগতা জানিয়ে চিঠি দিয়েছে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

আয়োজক কমিটির কোঅর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধুরী বলেন, ‘হ্যাঁ আবাহনী খেলবে না। এ বিষয়ে তারা দল গড়তে না পারার কথা জানিয়েছে। আবাহনী না খেললে নতুন দল কোনটি হবে, তা নিয়ে কাজ চলছে।’

ভারতের মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি-এই পাঁচ বিদেশি ক্লাব এবারের আসরে খেলছে। আবাহনী না খেললে বিদেশি দল আরো একটি বাড়তে পারে।-বিডিনিউজ