শ্রেণিকক্ষে বিজ্ঞানের পঠিত বিষয়গুলোকে বিভিন্ন প্রজেক্ট, যন্ত্রপাতি, সচেতনতামূলক পোস্টার ও নানা মজার মজার উপস্থাপনার মাধ্যমে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ধানমন্ডির গ্রিন জেমস স্কুলে আয়োজন করা হয় এক বিজ্ঞান মেলার। শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ মেলাতে বিভিন্ন রকম প্রজেক্ট প্রদর্শন ও উপস্থাপন করে। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা সমসাময়িক সময়ের বিজ্ঞানের চমকপ্রদ বিষয়গুলো তাদের উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। এ সময় স্কুলের অধ্যক্ষ ডক্টর নিজাম উদ্দিন বলেন, বিজ্ঞানমেলা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চাকে উত্সাহিত করবে এবং তারাই একদিন বড়ো হয়ে আবিষ্কারক ও উদ্ভাবক হয়ে বাংলাদেশ ও মানবজাতির সমস্যাগুলো সমাধান করবে।