তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাসাবাড়িতে অবৈধভাবে বসানো ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) ডিভাইস আগামী দুই মাসের মধ্যে সরিয়ে ফেলার জন্য সময়সীমা বেঁধে দিয়ে বলেছেন, অন্যথায় ১৫ ডিসেম্বরের পরে অপারেটরদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল সিস্টেমের অধীনে আনার লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, ‘সরকারি অনুমোদন না থাকায় ডিটিএইচ ব্যবহার সম্পূর্ণ অবৈধ।’
তথ্যমন্ত্রী বলেন, বাসাবাড়িতে স্যাটেলাইট প্রোগ্রাম দেখার জন্য বিদেশ থেকে ডিটিএইচ অবৈধভাবে আমদানি করে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা সরবরাহ করা হয়। এজন্য পরিবেশকরা অবৈধভাবে বিদেশে অর্থ পাঠায়, যা সম্পূর্ণভাবে বেআইনি।
তিনি বলেন, ১৫ ডিসেম্বর সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে ডিটিএইচ সরিয়ে ফেলায় যারা অবহেলা করবে সেই অসত্ পরিবেশকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রচার মিডিয়া ডিজিটালাইজেশন বিষয়ে হাছান মাহমুদ বলেন, এই সেক্টরের ডিজিটালাইজেশনের পর দেশের মিডিয়া এবং এই খাতের কর্মীদের স্বার্থ নিশ্চিত হবে। তিনি বলেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে ইলেক্ট্রনিক মিডিয়া সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় তাহলে সরকার ব্যবস্থা নেবে।
মন্ত্রী বলেন, কোন কোন টেলিভিশন চ্যানেল বিদেশি টিভি সিরিয়াল বাংলায় ডাবিং করে সম্প্রচার করছে। এটা গ্রহণযোগ্য নয়। তাই, মন্ত্রণালয় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল সম্প্রচারের জন্য টিভি চ্যালেনগুলোকে সরকারের অনুমোদন নিতে নির্দেশ জারি করেছে। তিনি আরো বলেন, ‘এ বিষয়টি তদারকি করার জন্য শিগগিরই একটি প্রিভিউ কমিটিও গঠন করা হবে। তথ্যমন্ত্রী আরো বলেন, আমাদের দেশেই বেশ কয়েকজন আন্তর্জাতিক মানের মডেল রয়েছেন। তাই সরকার বিজ্ঞাপন নির্মাণে বিদেশি মডেল ও কলাকুশলীকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে।