নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পুরাতন সেবা জেনারেল হাসপাতাল নামে এক ক্লিনিকে ভুল চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পিত্তথলিতে ব্যথা নিয়ে সকালে ভর্তি হওয়া রোগী মালেকা আক্তারের মৃত্যু হয়। পরে মৃতের স্বজনরা রাতে ডাক্তারের ভুল চিকিত্সাকে দায়ী করে হাসপাতালটি অবরুদ্ধ করে রাখে। এ সময় হাসপাতালের সামনে উত্তেজনা বিরাজ করে। সোনারগাঁ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও সোনারগাঁয়ের দুটি হাসপাতালে দুজন রোগী মারা যাওয়ার অভিযোগ রয়েছে। পরে অভিযান চালিয়ে ছয়টি হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করে দেয় সিভিল সার্জন। সেবা জেনারেল হাসপাতালের পরিচালক ড. নুরে আলম বলেন, ডাক্তারের অবহেলায় যদি রোগীর মৃত্যু হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করব। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খাতুন হক বলেন, বিষয়টি তদন্ত করে ডাক্তারের দোষ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।