আন্দোলন স্থগিত

মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শিক্ষকরা

শিক্ষামন্ত্রীর আশ্বাাসে আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করেছেন ননএমপিও শিক্ষকরা।  গতকাল রাতে আন্দোলন স্থগিতের এ সিদ্ধান্ত নেন তারা। শিক্ষক নেতারা জানিয়েছেন, নন-এমপিও সব শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশে ফিরে আগামী ২০ অক্টোবর সন্ধ্যায় শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। শিক্ষক নেতারাও পুরান নীতিমালার আলোকেই সব শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে অনড় থাকার কথা জানালে শিক্ষামন্ত্রী দেশে না ফেরা পর্যন্ত অনশন কর্মসূচি না দেয়ার জন্য নেতাদের অনুরোধ করেন।

শিক্ষামন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের মাধ্যমে টেলিফোন সংলাপ হয় ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার এবং সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়ের সঙ্গে। শিক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোন সংলাপ শেষে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি গোলাম মাহামুদুন্নবী বলেন, আমরা শিক্ষামন্ত্রীকে বলেছি, মানুষের জন্য নীতি, নীতির জন্য মানুষ না। তাই মানবিক দিক বিবেচনা করে পুরান নীতিমালার আলোকে এমপিওভুক্ত করতে হবে। তবে শিক্ষামন্ত্রী এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী শুধু যোগ্য প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার জন্য অনড় রয়েছেন।

 গোলাম মাহামুদুন্নবী ডলার বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি দেশে না ফেরা পর্যন্ত অবস্থান কর্মসুচি চালিয়ে গেলেও অনশন কর্মসূচি না দেয়ার অনুরোধ করেছেন। আমরা মন্ত্রীর প্রতি সম্মান রেখে ২০ অক্টোবর পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

এর আগে যোগ্য-অযোগ্য নির্বিশেষে সব প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আমরণ অনশন শুরুর ঘোষণা দেয়।