সাভারে শিশুর লাশ উদ্ধার, সত্-মা আটক

সাভারে বাদশা মিয়া নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সত্-মা ময়না বেগমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মহল্লার ইউসুফ মাস্টারের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ঐ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাদশা মিয়া সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোষার গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। সে তার বাবা ও সত্-মায়ের  সঙ্গে এখানে বাস করত। তার মা ময়না বেগম স্থানীয় আল মুসলিম নামক তৈরি পোশাক কারখানায় কাজ করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে বাদশা মিয়াকে বাসায় রেখে তার বাবা গেন্ডা বাসস্ট্যান্ডে মাছ বিক্রি করতে যান। পরে দুপুরে বাসায় খাওয়ার জন্য এসে ছেলেকে ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।