যারা বলেন তোলারাম কলেজে টর্চার সেল আছে তারা জ্ঞানপাপী ---------------- শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন ‘যারা শহিদ মিনারে দাঁড়িয়ে বলছেন, তোলারাম কলেজে টর্চার সেল আছে তারা জ্ঞানপাপী। তোলারাম কলেজকে বিতর্কিত করে আপনার সন্তানের ভবিষ্যত্ কেন নষ্ট করছেন? আমাকে বিতর্কিত করার জন্য? এই কলেজের শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে এই জন্য? কেউ ভুল করলে সংশোধন করেন। আপনার মতামত থাকতে পারে, সেটা বলেন।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে তোলারাম কলেজের নবীন বরণ উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমপ্রতি তোলারাম কলেজে সাংবাদিকসহ এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার পর তোলারাম কলেজে টর্চার সেল নিয়ে বিভিন্ন সভাসমাবেশে বক্তব্য দেন সুধীজন, নাগরিক সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানি সিংহের সভাপতিত্বে ও সরকারি তোলারাম কলেজ ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, তোলারাম কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর নজমুল হুদা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম প্রমুখ।