স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ‘প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কিত এসডিজি অর্জনে কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) এটি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এসডিজি লক্ষ্যমাত্রা ও সূচকসমূহ সম্পর্কে অবহিতকরণ, লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নকল্পে কৌশল প্রণয়নসহ সারাদেশে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা, মাঠ প্রশাসনের এসডিজি সম্পৃক্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধি, বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক আয়োজিত এসডিজি বিষয়ক কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী এবং এসডিজি বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেন। এছাড়া কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন।