নাশকতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত ১৩টি মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার তাকে ছয় মাসের জামিন দেয়। তবে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলায় জামিন দেয়নি আদালত। ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোঃ বশিরউল্লাহ। তিনি বলেন, এ জামিনের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাব।
বর্তমান সরকারের আমলে মিলনের বিরুদ্ধে এ সব মামলা করা হয়। ওইসব মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। তার পক্ষে ব্যারিস্টার গোলাম নবী ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির ও ড. মোঃ বশিরউল্লাহ শুনানি করেন। গত মাসে এ সব মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মিলন।