পুলিশের ওপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি, এমনকি ঘটনাস্থলেও ছিল না পুলিশের উপস্থিতি; তবুও পুলিশের ওপর কথিত হামলার ঘটনায় মামলা হলো বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এমনা ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে।
জানা গেছে, গত ৮ ডিসেম্বর বিকালে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের কুচিয়ামোড়া নামক স্থানে বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। ওই ঘটনা পুলিশকে অবহিত করা হলেও তারা ঘটনাস্থলে যায় দুই ঘণ্টা পর। তাও ঘটনাস্থল পরিদর্শনে। পরদিন ৯ ডিসেম্বর সিরাজদিখান থানা পুলিশ বাদী হয়ে সিরাজদিখান ও শ্রীনগর থানার বিএনপির ২৫১ নেতা-কর্মীর নামে ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। ওই মামলায় পাঁচ পুলিশ সদস্যকে আহত দেখানো হয়েছে। সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ও বিস্ফোরক আইনে সিরাজদিখান থানার এসআই আশরাফুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।