সিলন সুপার সিঙ্গার বিজয়ী দীপ্তি

বিনোদন রিপোর্ট

 

গৃহিণীদের নিয়ে বাংলাদেশের প্রথম মিউজিক্যাল রিয়্যালিটি শো ‘সিলন সুপার সিঙ্গার’। এবারের আসরে চ্যাম্পিয়ন হলেন খুলনার গৃহিণী দীপ্তি সরকার। সারাদেশ থেকে ১৫ হাজারেরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে ৭ মাস আগে যাত্রাটা শুরু হয়েছিল এই শোয়ের। গতকাল এনটিভিতে প্রচারিত হয়েছে এর গ্র্যান্ড ফিনালে।

সেরা ৫ জনের মধ্যে ৪ জনই পেয়েছেন পুরস্কার। প্রথম রানারআপ সুমনা রহমান। তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। যৌথভাবে দ্বিতীয় রানারআপ ফাহমিদা নাসরিন প্রীতি ও শায়নি শিঞ্জন। তারা দু’জন মিলে পেয়েছেন ৬ লাখ টাকা। প্রিয়াঙ্কা দাশসহ সেরা ১১-তে জায়গা করে নেওয়া বাকি ৭ জন পেয়েছেন ১ লাখ টাকা করে।

জমকালো আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে ৫ জনই সংগীত পরিবেশন করেছেন। বিশেষ অতিথি শিল্পী ছিলেন কিংবদন্তী রুনা লায়লা। প্রতিযোগিতার তিন মূল বিচারক ছিলেন ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া ও তারিন জাহান।