jv রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নের ধনপাতা বৌদ্ধ বিহারে পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বৌদ্ধধর্মাবলম্বীদের সর্ববৃহত্ ধর্মীয় অনুষ্ঠান ১৫তম দানোত্তম কঠিন চীবর দান উত্সব উদ্যাপিত হয়েছে। শুক্রবার দুপুরে বুদ্ধ পতাকা উত্তোলন ও ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন পুণ্যার্থীরা। এর পর বুদ্ধমূর্তি দান, সংঘদান ও ভিক্ষু সংঘের ধর্মদেশনা, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দান ও উত্সর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।
ধনপাতা বন বিহার উপাসক উপাষিকা পরিষদের আয়োজনে ১৫তম দানোত্তম কঠিন চীবর দানোত্সব উপলক্ষ্যে আয়োজিত ধর্মসভায় পুণ্যার্থীদের উদ্দেশ্যে প্রধান ধর্মদেশনা প্রদান করেন খাগড়াছড়ি আলুটিলা ভাবনা কেন্দ্রের অধ্যাপক করুনাবীর মহাস্থবির। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্রার্থনার মধ্যদিয়ে পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষু সংঘকে চীবর দানের মধ্য দিয়ে শেষ হয় চীবরদান উত্সব। আর বিকালে অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বালন ও ফানুস বাতি উত্তোলন। এদিকে, চীবর দান উপলক্ষ্যে বিহারের আশপাশে বসে মেলা। উত্সবে মেতে উঠেন বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ।