jv রাঙ্গামাটি প্রতিনিধি
কাপ্তাইয়ের নেভি সড়কস্থ কাপ্তাই-রাঙ্গামাটি সড়কের ফরেস্ট ডেভেলপমেন্ট ট্রেইনিং সেন্টার (এফডিটিসি)-এর পরিচালকের বাংলোর বারান্দায় শুক্রবার ভোর ৩টার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে মো. শিপন মিয়া (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, কাপ্তাইয়ের নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনির বাসিন্দা আলী আজগরের ছেলে মো. শিপন মিয়াকে শুক্রবার সকালে এফডিটিসির বারান্দায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তার বুকে ও পিঠে হাতির পায়ের ছাপ ও চাপ চাপ রক্ত ছড়িয়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কাপ্তাই ফাঁড়ির এসআই পিযূষ কান্তি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিউর রহমান বলেন, মরদেহটির শরীরে আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরে বুকে ও পিঠে হাতির পায়ের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।