jvলোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ায় শুক্রবার দুপুরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। এরা হলো—তাবাচ্ছুম খানম (১৩) ও রাহাত মোল্যা (৬)।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের হান্নান মোল্যার ছেলে রাহাত চাচাতো বোন ওহিদুজ্জামান মোল্যার মেয়ে তাবাচ্ছুমের সঙ্গে বাড়ি সংলগ্ন মোনায়েম মোল্যার পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ঐ ঘাটে তাদের জামাকাপড় ও স্যান্ডেল দেখে পুকুরের পানিতে নেমে খুঁজতে থাকে। দীর্ঘ সময় পর পানির নিচ থেকে গলাগলি ধরা অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।