কানাডায় আটক চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝু জামিন পেয়েছেন। গ্রেপ্তারের ১০ দিন পর তাকে জামিন দেয় ভ্যানকৌভরের আদালত। মঙ্গলবার আদালতের বিচারক উইলিয়াম এচরেকে তাকে ৭৫ লাখ ডলারের বিনিময়ে জামিন দেন। এই সময় আদালতে উল্লাস প্রকাশ করা হয়। তবে মেং কান্না শুরু করেন এবং তার আইনজীবীকে জড়িয়ে ধরেন। জামিনের শর্ত হিসেবে মেংকে রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাড়িতেই থাকতে হবে। তিনি পালাবেন না বলেও আদালতকে নিশ্চিত করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মেংয়ের বিরুদ্ধে বিচার বিভাগের করা মামলায় তিনি হস্তক্ষেপ করতে পারেন। এর মাধ্যমে যদি জাতীয় স্বার্থ রক্ষা হয় তাহলে তিনি সেটাই করবেন, বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় সমঝোতার জন্য। মার্কিন অনুরোধে সাড়া দিয়ে কানাডার পুলিশ গত ১ ডিসেম্বর মেং ওয়াংঝুকে আটক করে। ওয়াশিংটনের দাবি, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেহরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করছেন ওয়াংঝু। -রয়টার্স