লিভারপুলকে এগিয়ে রাখছে না ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের কাটা ঘায়ে নুনের ছিঁটা দেওয়ার মঞ্চ প্রস্তুত হয়ে আছে ওল্ড ট্রাফোর্ডে। আগামীকাল রবিবার এখানেই যে তাদের প্রতিপক্ষ লিভারপুল। চলতি মৌসুমে অলরেডদের যা ফরম তাতে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো রেড ডেভিলদের মাঠে গিয়ে জয় নিয়ে ফিরলে অবাক হওয়ার কিছু নেই।

অন্যদিকে লিভারপুরের সবচেয়ে কাছাকাছি থাকা দল ম্যানচেস্টার সিটির আজকের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। পেপ গার্দিওলার শীষ্যরা তুলনামূলক খর্বশক্তির দলটির বিপক্ষে জয় এনে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাতে নিশ্চয়ই মরিয়া হয়েই মাঠে নামবে।

ম্যাচের আগে সিটি দলের জন্য সুসংবাদ হলো আজ সম্ভবত প্রথম থেকেই খেলবেন কেভিন ডি ব্রুইন। এই বেলজিয়ান ফরোয়ার্ড চলতি মৌসুমে যে ছয়টি ম্যাচ খেলেছেন লিগে, তাতে সিটি গোল করেছে ২৫টা। আর যে দুটিতে খেলেননি, সেখানে দল হেরে গেছে। তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা এই পরিসংখ্যানেই স্পষ্ট।

আটটি করে ম্যাচ শেষে শীর্ষ অবস্থান ধরে রাখা লিভারপুল রীতিমতো আকাশে উড়ছে। তাদের পয়েন্ট ২৪। তাদের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বাদশ অবস্থানে আছে ইউনাইটেড। দ্বিতীয় স্থানে আছে সিটি। যদিও, লিভারপুলের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে আছে সিটিজেনরা।

এটুকুতেই বোঝা যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এবার প্রিমিয়ার লিগে বেশ প্রতাপশালী অবস্থানে আছে। গেল মৌসুম থেকে শুরু করে এই মৌসুম অবধি লিগে টানা ১৭টি ম্যাচে তারা জিতেছে। আর অন্যদিকে ইউনাইটেড গেল ১৩টি লিগ ম্যাচে জিতেছে কেবল দুটিতে।

এর মধ্যে ইউনাইটেড শিবিরে ইনজুরির সমস্যাও আছে। মৌসুমের শুরু থেকেই ভুগছেন দলের অন্যতম দুই তুরুপের তাস—ফ্রান্সের পল পোগবা ও স্পেনেরে ডি গিয়া। যদিও দলটির নরওয়েজিয়ান কোচ ওলে গুনার সোলশার অবশ্য লিভারপুলের বিপক্ষে ম্যাচটা একতরফা হবে—এমনটা মানতে নারাজ।

ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দুই ক্লাবের লড়াইকে সামনে রেখে স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘আগামী যে কোনো ম্যাচকেই আমি একটা সুযোগ হিসেবে দেখি। নিজেদের অবস্থান পালটে ফেলার জন্য লিভারপুলের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার ধরনটাই এমন। আমি সম্ভাব্য ভালো ফলাফলটা নিয়েই বেশি ভাবি। আমি জানি, সমর্থক ও খেলোয়াড়রাও তেমনটাই ভাবছেন। আমাদের নিজেদের গন্ডি ভেয়ে বের হতে হবে। এটা বড়ো একটা ম্যাচ। আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণের বড়ো একটা সুযোগ।’

চলতি সপ্তাহের শুরুতেই জার্মান কোচ ইউর্গেন ক্লপ লিভারপুলে চার বছর পূর্তি উদ্যাপন করলেন। লিভারপুলকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে তার অবদানের কোনো শেষ নিয়েই। কিন্তু, এত কিছুর মধ্যে এখনো গেল ছয়বার ইউনাইটের মাঠে গিয়ে তার দলের কোনো জয় নেই।

দলের লেফট ব্যাক অ্যান্ডি রবার্টস মনে করেন, এমন হাই-ভোল্টেজ ম্যাচগুলোতে সাম্প্রতিক ফরম খুব বড়ো কোনো ভূমিকা রাখে না। স্কটল্যান্ডের এই অধিনায়ক বলেন, ‘এমন খেলাগুলোতে আসলে সাম্প্রতিক ফরম কোনো ব্যাপার না। আমরা আট ম্যাচের সবগুলো জিতেছি, আর ওরা হোঁচট খাচ্ছে—ম্যাচের সময় এসব কেউ মনে রাখবে না। এটা ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল! ওদের বিপক্ষে আমরা যখন খেলতে নামি তখন মহলটাই পালটে যায়।’

ইনজুরি নিয়ে দুর্ভাবনা আছে লিভারপুল শিবিরেও। আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে যাওয়ার আগে লিস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন মোহামেদ সালাহ। যদিও, সেন্টার ব্যাক জোয়েল ম্যাটিপ ইনজুরি কাটিয়ে ফিটনেস ফিরে পেয়েছেন।