সাইফের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার

৩২৯ বলে ১৯টি চার ও ৪টি ছক্কায় ২২০ রান করে অপরাজিত ছিলেন তিনি।

আগের দিন ১২০ রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। গতকাল আবার ব্যাটিং করতে নেমে ঠিক ১০০ রান করলেন। সবমিলিয়ে ২২০ রানে অপরাজিত রইলেন সাইফ হাসান। গতকাল সাইফের এই ডাবল সেঞ্চুরি করার দিনে ৯৩ রানে ইমরুল কায়েস ও ৯১ রানে মাহিদুল ইসলাম অংকন আউট হয়েছেন। এই দুই আফসোসের পাশাপাশি এই দিনে ৫ উইকেট তুলে নিয়েছেন ঢাকা মেট্রোর আবু হায়দার রনি।

৪ উইকেটে ৩১৪ রান দিয়ে রংপুরের বিপক্ষে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা বিভাগ। দুই অপরাজিত ব্যাটসম্যান শুভাগত ও সুমন খুব বেশিদূর যেতে পারেননি। এরপর আবার অধিনায়ক নাদিফ চৌধুরীকে নিয়ে বড়ো জুটি করেন মাঠে ফেরা সাইফ। নাদিফ ৭৫ বলে ৬১ রান করে ফেরেন। তারপর জয়রাজ শেখ ২৬ রান করে এবং নাজমুল ১৮ রান করে সঙ্গ দিয়েছেন সাইফকে।

 শেষ পর্যন্ত সাইফ এক প্রান্তে অপরাজিতই ছিলেন ঢাকা ইনিংস ঘোষণা করার সময়ে। ৩২৯ বলে ১৯টি চার ও ৪টি ছক্কায় ২২০ রান করে অপরাজিত ছিলেন তিনি।

জবাবে গতকাল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ২ উইকেটে ৭২ রান তোলে রংপুর। লিটন দাস ৫১ রান নিয়ে ব্যাট করছেন।

খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ২৬১ রান করেছিল রাজশাহী। জবাব দিতে নেমে দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় খুলনা। এরপর এনামুল হক বিজয় ও তুষার ইমরানকে নিয়ে দুটো জুটি করেন ইমরুল। বিজয় ৩৪ রানে আউট হন।

আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি করা ইমরুল আবারও সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। কিন্তু ৯৩ রান করে রানআউট হন তিনি। আর ৪৩ রান করেন তুষার।

দ্বিতীয় স্তরের খেলায় ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন অংকন। আগের দিনের অপরাজিত অংকন ৯১ রানে আউট হন। তার সঙ্গে থাকা ইয়াসির আলী ৭০ রান করেন। পরে সুমন খান ৫০ রানে অপরাজিত থাকেন। ফলে অলআউট হওয়ার আগে ৩৫৬ রান করতে পারে চট্টগ্রাম। জবাবে বরিশাল ৪ উইকেটে ১০৪ রান করেছে।

রংপুরে ঢাকা মেট্রো ও সিলেটের খেলার দ্রুত ফলাফল হয়ে যাবে বলেই মনে হচ্ছে। ঢাকা মেট্রোর ২৪৬ রানের জবাবে শেষ দিকের দৃঢ়তায় ৩১৯ রান করেছে সিলেট। আবার দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রো গতকাল ৯ রান করেছে কোনো উইকেট না হারিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী-খুলনা

রাজশাহী-১ম ইনিংস: ৮৫.৩ ওভারে ২৬১/১০

খুলনা-১ম ইনিংস: ৯০ ওভারে ২২৭/৬ (ইমরুল ৯৩, তুষার ৪৩, নুরুল ব্যাটিং ৩৫, এনামুল বিজয় ৩৪; শফিউল ২/৫৫, তাইজুল ২/৭৫)।

ঢাকা-রংপুর

ঢাকা বিভাগ-১ম ইনিংস :১৬০ ওভারে ৫৫৬/৮ ডিক্লেয়ার (সাইফ ২২০*, রনি ৬৫, রকিবুল ৫৭, নাদিফ ৬১, তাইবুর ৩৫, জয়রাজ ২৬, সুমন ২৪; সঞ্জিত ৩/৮৯, সোহরাওয়ার্দী শুভ ৩/১৩৪)।

রংপুর-১ম ইনিংস :১৮ ওভারে ৭১/২ (লিটন ব্যাটিং ৫১; শাকিল ২/১৬)।

বরিশাল-চট্টগ্রাম

চট্টগ্রাম-১ম ইনিংস :১৩৪.৩ ওভারে ৩৫৬/১০ (অংকন ৯১, ইয়াসির ৭০, ইরফান ৫৭, মাসুম ৫০; মনির ৪/৯৯, মোসাদ্দেক ২/২৯)।

বরিশাল-১ম ইনিংস :৪৩ ওভারে ১০৪/৪ (রাফসান ৪৯; নাঈম হাসান ২/২৩)।

ঢাকা মেট্রো-সিলেট

ঢাকা মেট্রো-১ম ইনিংস :৮৩.৪ ওভারে ২৪৬/১০

এবং ২য় ইনিংস :৭ ওভারে ৯/০

সিলেট-১ম ইনিংস :৮৪.৫ ওভারে ৩১৯/১০ (জাকির ৭১, জাকের ৭১, অলক ৫৪, আফিফ ২৩; আবু হায়দার ৫/৫৫, শহিদুল ৩/৪৮)।