এনডিএফ বিডি ঢাকা জেলা স্কুল অ্যান্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতা ও উত্সব আজ

ইত্তেফাক রিপোর্ট

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের আয়োজনে আজ মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিএফ বিডি ঢাকা জেলা স্কুল অ্যান্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতা ও উত্সব। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই আয়োজনে ঢাকা জেলার বিভিন্ন স্কুল, কলেজের ৩২টি বিতর্ক প্রতিযোগিতার দল ও প্রায় ৮০টি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ৭০০ বিতার্কিক অংশ্রগহণ করবে। এই উত্সবে থাকছে স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, প্ল্যানচেট বিতর্ক, জুটি বিতর্ক, প্রদর্শনী বিতর্ক এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. বেনজির আহমেদ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের অধ্যক্ষ নাসরিন নাহার, সহ-প্রধানশিক্ষক জিনাত ফারহানা, ইগলুর সিইও জি এম কামরুল হাসান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব।

দিনব্যাপী উত্সবের শেষভাগে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি থাকবেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস এবং সাবেক বিতার্কিক মো. গোলাম কিবরিয়া, আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মহিউদ্দিন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাসচিব তামজিদ হাসান পাপুল প্রমুখ। বিতার্কিকদের এই মিলন মেলায় প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।