জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দুর্নীতিবাজরা দেশের অর্থনীতি ও ক্রীড়া অঙ্গনেরও শত্রু। শেখ হাসিনা দুর্নীতিবাজদের শুদ্ধি অভিযানে লাল কার্ড দেখাচ্ছেন। তাই দুর্নীতিবাজদের আইনের জালে আটকাতে অভিযান জোরদার করতে হবে। শেখ হাসিনার শুদ্ধি অভিযান ও সুশাসন প্রতিষ্ঠা করতে অবশ্যই মন্ত্রী, এমপি, সচিব, ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এই সাত পদের ব্যক্তিদের আইনের অধীনে কাজ করতে হবে।
তিনি বলেন, সুষ্ঠু খেলার জন্য যেমন লাল কার্ডধারী খেলোয়াড়দের বাদ দিয়ে খেলতে হয়, তেমনি লাল কার্ডধারী দুর্নীতিবাজদের বাদ দিয়ে দল প্রশাসন ও ব্যবসা সাজাতে হয়। শুক্রবার বিকাল সোয়া ৫টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাজিহাটা ফুটবল মাঠে যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরহুম বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলী ও আনার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল টুর্নামেন্টের কমিটির সভাপতি আইয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসরাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন প্রমুখ।
ফাইনলা খেলায় অংশগ্রহণ করেন কাজীহাটা জান্নাত আল নোমান লাইন্স ক্লাব বনাম ক্ষেমিরদিয়াড় রকেট ক্লাব। কাজী হাটা জান্নাত আল নোমান লাইন্স ক্লাব ২-১ গোলে ক্ষেমিরদিয়াড় রকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।