পেশাদার সাইবার অপরাধী হবিগঞ্জের বাহুবল থানার মোহাম্মদনগর গ্রামের মাহফুজুর রহমান নবীনকে (২৮) অবশেষে গ্রেফতার করেছে র্যাব। অবিশ্বাস্য প্রতারণার মাধ্যমে সে বহুদিন ধরেই বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পেশাদার এই সাইবার অপরাধী ও অনলাইনভিত্তিক প্রতারক চক্রের হোতাকে গত বুধবার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম।
জানা যায়, র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ঘিরেই তার অপরাধ সাম্রাজ্যের বিস্তৃতি। তার শিকারে পরিণত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, চাকরিজীবী, গৃহিণী ও মিডিয়া কর্মী। বাদ যাননি সেলিব্রিটি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরাও। নবীন একের পর এক ব্যক্তিকে বেছে নিয়ে ফেসবুক আইডি হ্যাক, ভিডিও ও ছবি জালিয়াতি করে। র্যাব কর্মকর্তা সেজে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে। পর্নোগ্রাফি তৈরি ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির চরিত্র হননের মাধ্যমে অকল্পনীয় সব উপায়ে সাইবার অপরাধ ঘটায় এই নবীন।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, নারীদেরই প্রাধান্য দিতেন নবীন। ফেসবুক আইডি হ্যাকড করার পর আইডিতে থাকা একান্ত ব্যক্তিগত ছবি, ভিডিও, তথ্যাদি ব্যবহার করে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। র্যাব জানায়, নবীন অনেক নারীর ছবির মাথা জুড়ে দিয়ে অশ্লীল ছবি ও ভিডিও নির্মাণ করত এবং এগুলো দিয়ে তাদের ব্ল্যাকমেইল করত। পরিকল্পিতভাবে ভেঙে দিত অনেকের সংসার। র্যাব জানায় ছবি বিকৃতির তালিকা থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা বিদেশি সরকার প্রধানেরাও বাদ পড়েনি।