সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রূপগঞ্জের দুই ভাই নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বাসিন্দা একই পরিবারের দুই ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাদের ছোটো ভাই। নিহতরা হলেন, কাঞ্চন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার হাবিব উল্লাহ মিয়ার ছেলে আব্দুল হালিম (৩২) ও দ্বীন ইসলাম (২৮)। ছোটো ছেলে ইসলাম উদ্দিন আহত অবস্থায় সৌদি আরবের হাসপাতালে ভর্তি আছেন। তিনিই তার পরিবারকে ফোন করে এ দুঃসংবাদ দেন।

নিহতদের বাবা হাবিব উল্লাহ জানান, তার তিন ছেলে সৌদি আরবের রিয়াদে কনস্ট্রাকশনের কাজ করত। গত বুধবার মদিনা থেকে কাজ শেষে তারা তিন ভাই প্রাইভেটকারে করে রিয়াদে ফিরছিল। এসময় তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আব্দুল হালিম ও দ্বীন ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ছোটো ভাই ইসলাম উদ্দিন। নিহত আব্দুল হালিমের ৩ মাসের একটি ছেলে ও দ্বীন ইসলামের ১ বছরের একটি মেয়ে রয়েছে।

মর্মান্তিক এ সংবাদে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এলাকার শতশত লোক তাদের বাড়িতে সমবেদনা জানাতে আসছেন।