গোল্ডেন রাইসের বাণিজ্যিক চাষের অনুমতি না দেওয়ার দাবি

গোল্ডেন রাইসে কোনো পুষ্টিকর সুবিধা নেই বলে দাবি করেছে জাতীয় কিষানি সমিতি ও বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন। তারা বলেছেন, ইতিমধ্যেই ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে গোল্ডেন রাইসের চাষ নিষিদ্ধ করা হয়েছে।  গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি গোল্ডেন রাইসের বাণিজ্যিক প্রচলন বন্ধে আয়োজিত কৃষি সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তারা বলেন, গোল্ডেন রাইসের পক্ষে ব্যাপক প্রচার চালানো হচ্ছে যে, এ ধানে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন বা প্রোভিটামিন-এ রয়েছে, যা খেলে রাতকানাসহ ভিটামিন ‘এ’র অভাব দূর হবে। গোল্ডেন রাইসে অধিক পরিমাণ বিটা ক্যারোটিনের বিষয়টিকে হাইলাইট করে এটিকে স্বাস্থ্যকর হিসেবে বাজারজাত করা হচ্ছে। বলা হচ্ছে, উন্নয়নশীল দেশে ভিটামিন ‘এ’র অভাব ও অপুষ্টি মোকাবিলায় গোল্ডেন রাইস ভূমিকা রাখে। এসব প্রচারণার ফলে দেশে হয়তো শিগগিরই বাণিজ্যিকভাবে গোল্ডেন রাইস চাষের অনুমতি মিলবে। তবে বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন। গোল্ডেন রাইসে কোনো পুষ্টিকর সুবিধা নেই বলে জানান তারা।