বগুড়ায় ২৫ লাখ টাকা ধার নিয়ে উধাও ব্যাংক ব্যবস্থাপক!

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্রাহকদের কাছ থেকে ২৫ লাখ টাকা ধার নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে জনতা ব্যাংক লিমিটেডের এক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে। মৌখিক অভিযোগ পেয়ে শাখা ব্যবস্থাপক মোশারফ হোসেনকে অন্যত্র বদলি করা হয়েছে। বদলির পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

জনতা ব্যাংক শিবগঞ্জ শাখায় সদ্য যোগদান করা ব্যবস্থাপক নাইম খসরু বলেন, তার সঙ্গে কোনো যোগযোগ করা যাচ্ছে না। বদলি হওয়া নতুন কর্মস্থল নওগাঁর আত্রাই শাখাতে খোঁজ নিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা সদরের বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, জরুরি প্রয়োজনের কথা বলে তার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক বলেন, ৩ লাখ টাকা ধার নেন মোশারফ হোসেন। আমাকে একটি চেকও দেন। এভাবে উধাও হওয়ায় বিপাকে পড়েছি। একইভাবে আনোয়ারা বেগম ১ লাখ ৫০ হাজার, আনন্দ চন্দ্র ৪ লাখ, চৈতন্য সরকার ১ লাখ, রাব্বি প্রমানিক সাড়ে ৬ লাখ ধারের টাকা ফেরত পেতে  ব্যাংকে ধরনা দিচ্ছেন।