মোবাইল ফোন আসক্তি ছেড়ে তরুণদের খেলাধুলায় মনযোগ দিতে হবে ----------- আতিকুল ইসলাম

মোবাইল ফোন আসক্তি থেকে বের হয়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে এক মাদকবিরোধী দৌড় প্রতিযোগিতা ম্যারাথনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘ঘর থেকে বের হয়ে খেলাধুলা সাইকেল প্রতিযোগিতা ও ম্যারাথনের আয়োজন করতে হবে। তরুণদের জন্য ম্যারাথনের বিকল্প নেই।’ ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মাঠে থাকতে হবে, খেলাধুলা করতে হবে। ম্যারাথনের আয়োজন করতে হবে। একটা কথা আছে না, মাইরের ওপর ওষুধ নেই। আমি মনে করি ম্যারাথনের ওপর ওষুধ নেই।’ মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত পাঁচ কিলোমিটার দীর্ঘ ‘রান ফর ব্রেকিং ড্রাগস’ শিরোনামে এই ম্যারাথন দৌড়ে অংশ নেন চার শতাধিক দৌড়বিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সামির ওবায়েদ এবং নুসরাত করিম তনিমা প্রমুখ। (ছবি পৃষ্ঠা-৩)