সৌদি আরবের মদিনার কাছে বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েক জন বাংলাদেশি রয়েছেন বলে আশঙ্কা করছে বাংলাদেশ মিশন। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন গতকাল শুক্রবার রাতে বলেন, বাসে আগুন লেগে লাশগুলো এতোটা পুড়ে গেছে যে চেনার উপায় নেই।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, নিহতদের মধ্যে আমাদের সাত জনের মতো থাকতে পারে। তবে ডিএনএ পরীক্ষার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত হতে আমরা সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি।’
দার আল-মিকাত ওমরাহ এজেন্সির মালিক সৌদি প্রবাসী বাংলাদেশি সাংবাদিক শেখ লিয়াকত আহম্মেদকে জানান, দুর্ঘটনায় পড়া ঐ বাসে ১১ জন পাকিস্তানি, ১৩ জন ভারতীয়, ৯ জন বাংলাদেশি, পাঁচ জন ইয়ামেনি যাত্রী ছিলেন। আর বাসের চালক ছিলেন সিরিয়ার নাগরিক।
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা বলছেন, বাসযাত্রার শুরুতে মোট ১৩ জন বাংলাদেশি ঐ দলে ছিলেন বলে তারা তথ্য পেয়েছেন। তাদের মধ্যে কয়েক জন পরে নেমে যান।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে মারকাজ আল-আখাল এলাকায় হিজরা রোডে ঐ দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়, আহত হন চার জন। সৌদি সংবাদমাধ্যমের খবরে প্রাথমিকভাবে বলা হয়েছিল, নিহতরা সবাই সৌদি প্রবাসী বিদেশি। তারা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক।