খুলনায় খানজাহান আলী থানা যুবলীগের সভাপতি সাজ্জাদুর রহমান লিংকনের গাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে গেছেন লিংকন। তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানও।
লিংকন বলেন, ‘গতকাল সন্ধ্যায় একটি সভা থেকে ফেরার পথে তেলিগাতি এলাকায় পৌঁছলে আমাকে লক্ষ্য করে আমার ঢাকা মেট্রো-গ-৪৩-০০৯৭ গাড়িতে হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির সামনে আঘাত করে। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা লিংকনের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।