গাইবান্ধার সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে ইলিশ মাছ শিকারের দায়ে ৯ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা সবাই গাইবান্ধা সদর উপজেলার কামারজানির মোল্লাচর এলাকার বাসিন্দা।
আরও পড়ুনা: নাগেশ্বরীতে যুবকের লাশ উদ্ধার
গাইবান্ধা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী বলেন, ‘ইলিশ সম্পদ সংরক্ষণে বিভিন্ন হাট-বাজার ও নদীতে মোবাইল কোর্ট পরিচালিত করা হচ্ছে। এরই প্রেক্ষিতে শনিবার ইলিশ মাছ শিকারের সময় তাদেরকে সদর উপজেলার কামারজানির মোল্লাচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ২০ হাজার মিটার জাল এবং ৭ কেজি ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা আটককৃতদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালক) এতিমখানায় প্রদান করা হয়।’
ইত্তেফাক/এএএম