নাগেশ্বরীতে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রেজাউল করিম রাজা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার বালাটারী এলাকার একটি জমি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রেজাউল কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা সন্ন্যাসী গ্রামের আবুল হোসেনের ছেলে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর বিকেল ৩টার দিকে রেজাউল করিম তার মামা ফুলবাড়ী উপজেলার নওদাবস বড়ভিটা গ্রামের আবুল কালাম আজাদের (৫০) বাড়ির উদ্দেশ্যে বের হন। এরপর ১৯ অক্টোবর সকাল ৬ টার দিকে বালাটারী এলাকায় নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের পাশের একটি জমিতে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। এরপর স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহতের নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল, কপাল, নাক থেঁতলানো, চোখ দুটো রক্ত বর্ণ, জিহ্বা ও ঠোঁট কামড়ানো অবস্থায় ছিল। নিহতের পাশে ও পকেটে ২টি দেশি চোলাই মদের খালি বোতল পাওয়া যায়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

আরও পড়ুন: মানিকগঞ্জে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, নিহতের বড় ভাই আনিছুর রহমান (৪০) বাদী হয়ে দুপুরে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেছেন। এটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা বোঝা যাবে। 

ইত্তেফাক/এএএম