ব্যালেটের মাধ্যমেই আওয়ামী লীগের পতন ঘটাতে হবে: ফখরুল

বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর হচ্ছে এই স্বৈরাচার সরকারের পতনের দিন। আপনরাই পারেন ব্যালটের মাধ্যমে ধানের শীষে একটি করে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে।’

বৃহস্পতিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদরে স্থানীয় সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার আবারো ক্ষমতায় আসতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে যাচ্ছে। দুনীর্তি, নির্যাতন, নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করা দিন দিন চরম পর্যায়ে পৌছাচ্ছে। জাতির এই কঠিন সংকটে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা অবস্থার পরিবর্তন আনতে পারি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ আওয়ামী লীগের উপর আস্থা হারিয়ে ফেলেছে। সে কারণে তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে। একদিকে প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করছে, অপরদিকে তারাই হামলা ও ভাংচুর চালাচ্ছে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফখরুল বলেন, নির্বাচন কমিশনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা ছিল, তা কোনোভাবে সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে এ সব বন্ধ করতে হবে।

বিএনপির তৃনমূল নেতাকর্মীদের ধানের শীষে ভোট দিয়ে সরকার পতন করে দেশ মাতা খালেদা জিয়াকে মুক্ত আহবান জানান মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি পয়গাম আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে তিনদিন ধরে মির্জা ফখরুল নির্বাচনী পথসভা, জনসভা করছেন। পরে সালন্দর, রাজাগাঁও, রহিমানপুর, জামালপুর ইউনিয়নের ১৫ স্থানে পথসভায় বক্তব্য রাখবেন।

ইত্তেফাক/কেআই