কাগজের বাক্সে শুধু দুটি ছিদ্র করে রাখা হয়েছে। সেখান দিয়ে দেখা যাবে। চোখ থাকবে শুধু নিজের খাতার দিকে। শত চেষ্টা করেও পরীক্ষার্থীরা ঘাড় ঘুরিয়ে পাশের জনের খাতায় নজর ফেলতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর মাথায় পরিয়ে দেওয়া হয় সেই কাগজের বাক্স। পরীক্ষা চলাকালীনই হাসির রোল উঠলো পরীক্ষার্থীদের মধ্যে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের নির্দেশ। তাই কেউ উপেক্ষা করতে পারলেন না। ভারতের কর্ণাটকের ভাগথ পিইউ কলেজে নকল করা রুখতে এমনই এক অভিনব পন্থা নেয়। তবে মাথায় বাক্স পরে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় একটি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, কর্ণাটকের ভাগথ পিইউ কলেজ শিক্ষার্থীদের মধ্য নকলের প্রবণতা নিয়ে চিন্তিত ছিল কলেজ কর্তৃপক্ষ। হাজার চেষ্টা করেও তারা নকল করার প্রবণতা রুখতে পারছিলেন না। তাই এবার কার্যত বাধ্য হয়েই এমন আজব পদ্ধতি বেছে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
আরো পড়ুন: ‘বালিশ কাণ্ডের দায় মন্ত্রণালয়ও এড়াতে পারে না’
জানা গেছে, কর্ণাটকের ভাগথ পিইউ কলেজে প্রথম বর্ষের রসায়ন বিষয়ের পরীক্ষা ছিল ওইদিন। পরীক্ষার্থীরা হলে এসে জানতে পারেন তাদের এবার মাথায় কাগজের বাক্স পরে পরীক্ষা দিতে হবে। যা শুনে প্রথমে চমকে উঠেছিলেন ছাত্র-ছাত্রীরা। চোখের কাছে দুটি ফুটো করে দেওয়া হয়েছিল প্রতিটি বাক্সে। ছাত্র-ছাত্রীরাও কলেজের নির্দেশ মেনে নেয়। তবে এমন ঘটনা এদেশে এর আগে কোথাও কখনও শোনা যায়নি।
আরো পড়ুন: রাস্তায় বসে জুতা পালিশ করা সেই ছেলেটির গানে মুগ্ধ বিচারকরা
এর আগে মেক্সিকোর একটি স্কুলে এমন আজব প্রথা চালু করেছিলেন কর্তৃপক্ষ। তবে কর্ণাটকের কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে অনেকেই অমানবিক আখ্যা দিয়েছেন। দীর্ঘ সময় মাথায় কাগজের বাক্স পরে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে হয়েছে। যা কি না শাস্তির মতো ব্যাপার বলে মনে করছেন অনেকে।
ইত্তেফাক/বিএএফ