আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় পানিতে ডুবে জিহাদ নামে ২২ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিহাদ ঐ গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র।

হাসপাতাল ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সবার অলক্ষ্যে জিহাদ বাড়ির পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক জিহাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের পর স্বজনদের কাছে শিশুটির লাশ হস্তান্তর করেছেন এসআই আব্বাস উদ্দিন।