রাঙ্গামাটিতে শেখ রাসেল স্মৃতি বাইচ অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত শেখ রাসেল স্মৃতি বাইচ প্রতিযোগিতায় পুরুষদের ২১ জনের বড়ো নৌকায় প্রথম হয়েছে ভারমুনির দল। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে পায়েল চাকমা ও সুবিল ত্রিপুরার দল।

নারী বিভাগে ১৫ জনের বড়ো নৌকায় প্রথম হয়েছে কেল্ল্যামুড়ার কালাদেবী ত্রিপুরার দল। এ বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে কেল্ল্যামুড়ার পুতুলী ত্রিপুরা ও শান্তি রানী ত্রিপুরার দল। পুরুষদের দুই জন সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জামাল উদ্দিন ও রিয়াদ। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন জমির উদ্দিন ও সুবল এবং রুবেল ও বশির। নারীদের কায়াকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন যথাক্রমে কেল্ল্যামুড়ার ঝর্ণা ত্রিপুরা ও জিরা ত্রিপুরা, মল্লিকা চাকমা ও সীয়া চাকমা এবং যোনিয়া চাকমা ও জেসমিন চাকমা।

গত শুক্রবার দুপুরে পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় কাপ্তাই হ্রদের মধ্যটিলা হতে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন, সিভিল সার্জন ড. শহীদ তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপসচিব প্রকাশ কান্তি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতিযোগিতার আহ্বায়ক হাজি মুছা মাতব্বর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।