আলোচনা সভায় বক্তারা
g ইত্তেফাক রিপোর্ট
বন্ধুদের প্রতি ছোট্ট রাসেলের ছিল অগাধ ভালোবাসা। ছোটো বয়সে রাসেল স্কুলে বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খেত। যখন টুঙ্গিপাড়া বেড়াতে যেত, বন্ধুদের জন্য ঢাকা থেকে উপহার নিয়ে যেত। শেখ রাসেলের মতো শিশুদের হত্যা ও নির্যাতন মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশ থেকে শিশু নির্যাতন বন্ধে কাজ করছে।
গতকাল শনিবার শিশু একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ‘শেখ রাসেল আমাদের ভালোবাসা’ আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য লুত্ফুন নেছা খান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেন, এদেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেমন অপরিসীম ভালোবাসা ছিল, ছোটো রাসেলেরও ছিল তেমনি তার বন্ধুদের প্রতি ভালোবাসা। ছোটো বয়সে রাসেল স্কুলে বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খেত। যখন টুঙ্গিপাড়া বেড়াতে যেত তখন বন্ধুদের জন্য ঢাকা থেকে উপহার নিয়ে যেত।
প্রতিমন্ত্রী আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ও স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই সপরিবারে জাতির পিতাকে হত্যা করেছিল। খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্য জীবিত থাকলে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে। এ কারণেই ইতিহাসের ঘৃণ্যতম খুনিরা রাসেলকেও হত্যা করে। তিনি বঙ্গবন্ধু হত্যায় জড়িত সকল পলাতক দণ্ডপ্রাপ্ত খুনিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, শেখ রাসেলের মতো শিশুদের হত্যা ও নির্যাতন মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করে, যা উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশ থেকে শিশু নির্যাতন সম্পূর্ণরূপে বন্ধ করতে কাজ করছে। আলোচনা পর্ব শেষে প্রতিমন্ত্রী শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও শিশুদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।