কয়েক মাস ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য। পাঁচ মাস ধরে নেই উপাচার্য। কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদটিও শূন্য। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের মধ্যে মাত্র দুজন ডিন রয়েছেন। আবার তার মধ্যে একজন অনিয়মিত। বর্তমানে একজন ডিন দিয়েই চলছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। পরীক্ষা নিয়ন্ত্রকের পদটিও শূন্য থাকায় শিক্ষার্থীরা নিয়মিত সেমিস্টার ফাইনাল দিতে পারছে না। ফলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছয় মাস থেকে এক বছরের সেশনজটে আছে। উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের মতো পদগুলো শূন্য রেখে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম পরিচালনা করা অনেকটা অকল্পনীয়। এটা দুর্ভাগ্যজনক। ২০১৯-২০ সেশনে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ অক্টোবর নির্ধারণ করা হলেও তা স্থগিত করা হয়। সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষের দিকে হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ একটি শিক্ষাপ্রতিষ্ঠান কখনো এমন সংকটময় অবস্থার মধ্য দিয়ে চলতে পারে না। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ সম্পন্ন করার জন্য ইউজিসির দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আল আমিন হোসেন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়