চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

নগরীর নিমতলা এলাকার একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বুচুইক্ক্যা কলোনির বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মো. আবু তাহের (৩২) ও তার মেয়ে বিবি ফাতেমা (৪)। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, তার বোন ও বোনের স্বামীকে আটক করেছে।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, তিনতলা বিশিষ্ট ভবনের নিচতলায় মো. আবু তাহের পরিবার নিয়ে ভাড়া থাকতেন। দুই জনের গলায় ছুিরকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরি দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নমুনা সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিম এসেছে। নিহতদের বাড়ি নোয়াখালী জেলায়। আরিফ পেশায় দিনমজুর ছিলেন।

বন্দর থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ইত্তেফাককে বলেন, নিহত তাহেরের স্ত্রী বিবি হাসিনা বাসা-বাড়িতে কাজ করেন। কয়েক দিন আগে তিনি একটি নতুন রঙিন শাড়ি পরেন। এতে তার স্বামী তাকে সন্দেহ করতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়। ফলে হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের স্ত্রী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি আরো জানান, বিবি হাসিনার বাসার কাছাকাছি তার বোন স্বামীসহ বসবাস করেন। তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আশা করি দ্রুত হত্যাকাণ্ডের মোটিভ জানা যাবে।