ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে গতকাল শনিবার সকালে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় দলের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা খারাপ হলে উন্নত চিকিত্সার জন্য তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিখিল অধিকারি। স্থানীয়রা জানায়, গত শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছোটো ছোটো ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেদিন সন্ধ্যায় এলাকাবাসী ঘটনাটি মীমাংসা করে বাড়িতে ফিরে যাওয়ার সময় নাসির মাতুব্বরকে মারধর করে একটি গ্রুপ। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল তারা মাতুব্বরের লোকজন ও কাউস মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্রে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পালটা ধাওয়াসহ ইট পাটকেট ছোড়াছুড়ি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিখিল অধিকারি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী তাদের আধিপত্য ধরে রাখার জন্যই সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরবর্তী সময়ে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।