যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জের লালখাড়াবাদ নদীতে অভিযান চালিয়ে জাল ও মাছসহ ১০ জেলেকে আটকের পর ঘুষ খেয়ে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের এক এএসআইসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে তাদের সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। জানা গেছে, গত শুক্রবার ভোরে মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককুরিয়া সংলগ্ন লালখাড়াবাদ নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করছিল জেলেরা। ঐদিন ভোর পাঁচটার দিকে মেহেন্দিগঞ্জ থানার এএসআই দেলোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঐ নদীতে অভিযান চালিয়ে জাল ও মাছসহ ১০ জেলেকে আটক করে। পরে ৬৫ হাজার টাকা ঘুষ নিয়ে পুলিশ ১০ জনকে ছেড়ে দেয় এবং জাল ও মাছ নিজেদের জিম্মায় রেখে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ জেলে ও তাদের স্বজনরা শুক্রবার সকালে স্থানীয় পোলতাতলী বাজারে বিক্ষোভ করে চাঁদাবাজ পুলিশের বিচার দাবি করে।
মেহেন্দিগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্তা শিমুল রানি পাল জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মত্স্য কর্মকর্তা সঙ্গে থাকা আবশ্যক বলে নীতিমালায় উল্লেখ রয়েছে। কিন্তু অভিযুক্তরা মত্স্য কর্মকর্তাকে সঙ্গে না নিয়ে, এমন কি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে ঐ অভিযান চালায়।