ছিনতাইকারীদের হাতুড়িপেটায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী

ছিনতাইকারীদের হাতুড়ির আঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনাম গুরুতর আহত হয়েছেন। তার মাথা ফেটে গেছে। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠ সংলগ্ন স্টেডিয়ামের পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন।

এদিকে, ছিনতাইয়ের ঘটনা জানাজানি হলে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় রাবি প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে সহকারী প্রক্টর হুমায়ন কবীর আন্দোলনকারীদের সঙ্গে উচ্চবাচ্য করেন। এতে এসআরকে রাজ নামের এক ছাত্রলীগ কর্মী ও ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের কিশোর কুমার নামে দুই জন ঐ সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। রাজ রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী। লাঞ্ছিতের ঘটনায় কিশোর কুমারকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায় ডিবি। পরে শিক্ষার্থীরা কিশোরকে না পেলে রাতভর আন্দোলনের ঘোষণা দিলে প্রায় আধা ঘণ্টা পর কিশোরকে ছেড়ে দেওয়া হয়। এর প্রায় ঘণ্টা খানেক পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

এদিন রাতে ভুক্তভোগী ফিরোজ আনাম বাদী হয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানায় চার জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ ঘটনায় গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর তালাইমারী এলাকার জাহিদ হোসেনের ছেলে রুবেল হোসেন, শিরোইল এলাকার রাকিব আলীর ছেলে রিফাত হোসেন রাকেশ এবং মীর্জাপুর এলাকার খোরশেদের ছেলে পারভেজ।

অন্যদিকে গতকাল শনিবার সকাল ১০টা থেকে ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফিরোজের চিকিত্সার ব্যয় বহন ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। রাবি ছাত্রলীগ, বদরগঞ্জ উপজেলা ছাত্র সমি তি ও সাধারণ শিক্ষার্থীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন। সাধারণ শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করে। আগামী ২৪ অক্টোবরের মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বহিরাগতদের প্রবেশ নিষেধ, ছিনতাইকারীদের শাস্তিসহ বেশ কয়েকটি দাবি জানিয়ে দুপুর আড়াইটার দিকে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।