দেশের উন্নয়নে আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক কাঠামো প্রয়োজন :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে আওয়ামী লীগের প্রয়োজন। আর এ জন্য প্রয়োজন আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক কাঠামো। তাই আওয়ামী লীগের চলমান তৃণমূল পর্যায়ের সম্মেলনে সকল বিভেদ ভুলে ত্যাগী নেতৃত্ব নির্বাচন করতে হবে। অনুপ্রবেশকারীদের দলে কোনো জায়গা হবে না। তারা সুসময়ে থাকলেও দুঃসময়ে এদের পাওয়া যাবে না। দলের কোনো কমিটিতেই যেন অনুপ্রবেশকারীরা জায়গা না পায়।

গতকাল শনিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষ আর আন্দোলন চায় না। তাই রাজনীতির ময়দানে ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। সামনের নির্বাচনের জন্য প্রস্তুত হন। মোহাম্মদ নাসিম বলেন, ড. কামাল হোসেনকে বিএনপির ভাড়া করা ঠিক হয়নি। জাতীয় নির্বাচন থেকে মাঝপথে পালিয়ে যাওয়াও উচিত হয়নি। দেরিতে হলেও তারা তাদের ভুল বুঝতে পেরেছে। সংসদে তাদের নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দিশেহারা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে চক্রান্ত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত বেশি সফল হবেন, চক্রান্ত তত বেশি গভীর হবে।

জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।