মা-মেয়েসহ সড়কে ঝরল ১১ প্রাণ

মা-ছেলে ও স্কুল ছাত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

বরিশাল: বরিশাল নগরীর সাগরদী এলাকায় মাহেন্দ্র ও সিমেন্ট কোম্পানীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। গতকাল সাগরদী ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেলোয়ারা বেগম (৬০) ও তার ছেলে শিপন হাওলাদার (৩৫)। তারা নলছিটি উপজেলার শ্রীরামকাঠী গ্রামের।

ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড়ে গতকাল ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারাইলদাহ গ্রামের ইজিবাইক চালক কুদ্দুস ফকির (৫০)। একই ইউনিয়নের জান্দি গ্রামের যাত্রী বিপ্লব মাতুব্বর (৩২)।

নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইলে গতকাল পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। নান্দাইল-হোসেনপুর সড়কে ইজিবাইক চাপায় ফারদিন ইসলাম (৮) নামে এক ছাত্র নিহত হয়েছে। ফারদিন আচারগাঁও গ্রামের কৃষক ফাইজুল মিয়ার পুত্র এবং আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অপরদিকে, নান্দাইল বাজারে যাওয়ার সময় পথে রিকশা থেকে পড়ে গিয়ে মো. দুলাল মিয়া (৫৬) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি নান্দাইলের ভাটি সাভার গ্রামের।

হবিগঞ্জ: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। গত শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাক চালক বাবু মিয়া (৩৫) ও হেলপার রহমত আলী (২৫)। তাদের দুইজনের বাড়ি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাকরাজ পাড়ায়।

নীলফামারী: ট্রাকের ধাক্কায় অটোরিকসা যাত্রী আলিমন বেওয়া (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার পঞ্চপুকুর-কচুকাটা সড়কের আরাজি মানুষমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলিমন বেওয়া পঞ্চপুকুর চ্যাংমারী গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ: ঝিনাইদহ সদর উপজেলার যশোর মহাসড়কের লাউদিয়া এলাকায় গতকাল ট্রাকের সঙ্গে মাহেন্দ্রর সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।