পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনটি কোনো দলেরই ঘাঁটিতে পরিণত হয়নি কখনো। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা এখানে জয় পেয়েছে। তবে বর্তমানে জাতীয় পার্টির জনপ্রিয়তায় কিছুটা টান পড়লেও হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে।
আসনটির বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মকবুল হোসেন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির গ্রুপ ক্যাপ্টেন (অব.) সাইফুল আযম সুুজাকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও সংসদ সদস্য হন। এদিকে বিএনপির প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম দুইবার এমপি ও দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১সালে মকবুল হোসেন মনোনয়ন পেয়ে কে এম আনোয়ারুল ইসলামের কাছে পরাজিত হন। এবার প্রায় দেড় যুগ পর দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছেন তারা। উভয় নেতায় এখন ইউনিয়ন ওয়ারী গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করে ভোট প্রার্থনায়। দু’জনই আবার ওস্তাদ সাগরেদ। মকবুল হোসেন ওস্তাদ বলে সম্বোধন করেন আনোয়ারুল ইসলামকে। চাটমোহর-ভাঙ্গুড়া উপজেলায় দু’জনেই উপজেলা চেয়ারম্যান ছিলেন।
ইত্তেফাক/এএম