মগবাজারে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রাজধানীর মগবাজারে বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ভোলানাথ। তিনি মগবাজারের একটি ওয়ার্কশপে কাজ করতেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বাসটির চালক ও হেলপারকে আটক করেছে। জব্দ করা হয়েছে বাসটিও।

ভোলানাথের শ্যালক তাপস জানান, সকালে বাসা থেকে বাইসাইকেলে মগবাজারে যাওয়ার সময় গুলফেশা প্লাজার সামনে গাজীপুর পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিত্সকরা ভোলানাথকে মৃত ঘোষণা করেন।

গুলশানে পার্লার কর্মী নিহত 

শুক্রবার সকালে গুলশানের ৭৯ নম্বর সড়কসংলগ্ন গুলশান পার্কের সামনে মাইক্রোবাসের চাপায় লিয়ানা পপি ত্রিপুরা নামের এক পার্লার কর্মী নিহত হয়েছেন। মাইক্রোবাসটিকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের নিকট আত্মীয় জয় জানান, ঘটনার দিন পপি তার সহকর্মী শ্রাবন্তীকে নিয়ে রিকশায় গুলশানে যাচ্ছিলেন। গুলশান পার্কের সামনে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৯০২) রিকশাটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পপি রাস্তায় ছিটকে পড়লে মাইক্রোবাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তার ভাই জয়ন্ত ত্রিপুরা বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। নিহত পপির বাড়ি বান্দরবানের থানচি থানার মিশন পাড়া গ্রামে।