গাজীপুরের গ্রিডে আগুন, তিন জেলায় বিদ্যুত্ বির্পযয়

গাজীপুর পল্লীবিদ্যুতের আওতাধীন কড্ডা গ্রিডে শুক্রবার রাতে আগুন লেগে তিনটি ফিডারের ২৪টি কেব্ল পুড়ে গেছে। ঘটনার পর তিন জেলায় বিদ্যুত্ বির্পযয় দেখা দেয়। শনিবার বিকাল পর্যন্ত ঐসব সমিতির আওতাধীন তিন জেলা বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুরের কড্ডা গ্রিডের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গ্রিডের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে আটটি ফিডারের মধ্যে তিনটির ২৪টি আন্ডারগ্রাউন্ড কেব্ল এবং বেশ কিছু কাঠের খুঁটি পুড়ে যায়। ফিডার ও কেব্ল পুড়ে যাওয়ায় গাজীপুর পল্লীবিদ্যুত্ সমিতি-১, ময়মনসিংহ পল্লীবিদ্যুত্-২ ও ঢাকা পল্লীবিদ্যুত্ সমিতি-১ এর আওতায় বিভিন্ন এলাকায় বিদ্যুত্ বিচ্ছন্ন হয়ে পড়ে।

গাজীপুর পল্লীবিদ্যুত্ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) যুবরাজ চন্দ্র পাল জানান, রাতেই গ্রিড মেরামতের কাজ শুরু হয়। সকালে ঢাকা থেকে ঊর্ধ্বতন প্রকৌশলীরা মেরামত কাজে যোগ দেয়। শনিবার বিকাল ৫টায় সম্পূর্ণ গ্রিড ও সব ফিডারে বিদ্যুত্ দেওয়া সম্ভব হয়নি। ধাপে ধাপে বিকল্প পন্থায় ফিডারগুলো আংশিক চালু করা হয়েছে।