ইমতিয়াজের সেঞ্চুরিতে সিলেটের জয়

স্পোর্টস রিপোর্টার

জাতীয় লিগের প্রথম রাউন্ডে বরিশালের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল সিলেট বিভাগ। দ্বিতীয় রাউন্ডেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিলেট। দ্বিতীয় স্তরের ম্যাচে গতকাল বগুড়ায় ঢাকা মেট্রোকে ৮ উইকেটে পরাজিত করেছে সিলেট। ইমতিয়াজ হোসেন তান্নার সেঞ্চুরিতে জয় নিশ্চিত হয় দলটির।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম-বরিশাল বিভাগের ম্যাচটিও শেষ মুহূর্তে জমে উঠেছিল। চট্টগ্রামের বোলাররা জয়ের সুযোগ তৈরি করেছিলেন। মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন সৈকতদের ব্যাটে হার এড়িয়েছে বরিশাল। শেষ পর্যন্ত অবশ্য ড্র-ই হয়েছে ম্যাচটি।

শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৩ রানে। শেষ চার উইকেটে ৪৮ রান যোগ করে দলটি। ৯৫ রান নিয়ে খেলতে নেমে গতকাল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। ১১১ রান করে ফিরেন তিনি। শহীদুল ৪২, আবু হায়দার রনি ১৫ রান করেন। সিলেটের আবু জায়েদ রাহী ৪টি, ইমরান আলী-এনামুল জুনিয়র ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য সিলেটের টার্গেট দাঁড়ায় ২০১ রান। ইমতিয়াজ হোসেন তান্নার সেঞ্চুরিতে ৫২.৩ ওভারে ২ উইকেটে ২০৪ রান তুলে ম্যাচ জিতে নেয় সিলেট। ১১তম সেঞ্চুরি করেন তিনি। ১১০ রান করে অপরাজিত ছিলেন ইমতিয়াজ। জাকির হাসান ৭২, আফিফ অপরাজিত ৮ রান করেন। সিলেটের জাকির হাসান ম্যাচসেরা হন।

ফতুল্লায় গতকাল ৬ উইকেটে ১৯৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম বিভাগ। পিনাক ঘোষ ৫৪, মুমিনুল ৩০, মাহিদুল ইসলাম ৪৩, মাসুম খান অপরাজিত ২৭, নাঈম হাসান অপরাজিত ১১ রান করেন। জয়ের জন্য বরিশালের টার্গেট দাঁড়ায় ৩৩৬ রান। ৬৫ ওভার ব্যাট করে বরিশাল ১৭৪ রান তুলতেই দুই দল ড্র মেনে নেয়। যদিও ১২৭ রানে বরিশালের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের সুযোগ তৈরি করেছিল চট্টগ্রাম। কিন্তু শেষ দিকে মোসাদ্দেকের ৩৫, শামসুলের অপরাজিত ১৫ রানে ম্যাচ ড্র করে বরিশাল। আশরাফুল ৬০, শাহরিয়ার নাফিস ৪২ রান করেন। চট্টগ্রামের নাঈম হাসান ৪টি, নোমান ২টি করে উইকেট পান। নাঈম হাসান ও মাহিদুল ইসলাম যুগ্মভাবে ম্যাচসেরা হন।

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল-চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম : ৩৫৬ ও ৪৭ ওভারে ১৯৫/৬ ডিক্লেয়ার (পিনাক ঘোষ ৫৪, মুমিনুল ৩০, মাহিদুল ইসলাম ৪৩, তাসামুল ১১, মাসুম খান ২৭*, নাঈম হাসান ১১*; কামরুল ইসলাম রাব্বি ২/৪৩, নুরুজ্জামান ১/১৯, তানবির ইসলাম ১/২১, আশরাফুল ১/৩৮, মনির হোসেন ১/৬৮)

বরিশাল : ২১৬ ও ৬৫ ওভারে ১৭৪/৭ (আশরাফুল ৬০, শাহরিয়ার নাফিস ৪২, মোসাদ্দেক ৩৫, শামসুল ১৫*; নাঈম হাসান ৪/৫৪, নোমান ২/৩৪, মাসুম খান ১/৬)। ফল : ম্যাচ ড্র

ম্যাচসেরা : নাঈম হাসান, মাহিদুল ইসলাম (চট্টগ্রাম)

ঢাকা মেট্রো-সিলেট বিভাগ

ঢাকা মেট্রো : ২৪৬ ও ১১৯ ওভারে ২৭৩ (মাহমুদউল্লাহ ১১১, শহীদুল ৪২, আবু হায়দার রনি ১৫; আবু জায়েদ ৪/৪৯, ইমরান আলী ২/৩৫, এনামুল জুনিয়র ২/৮৮, রাহাতুল ফেরদৌস ১/২৪, রেজাউর রহমান ১/৪৭)

সিলেট : ৩১৯ ও ৫২.৩ ওভারে ২০৪/২ (ইমতিয়াজ হোসেন ১১০*, জাকির হাসান ৭২, আফিফ ৮*, তোফিক খান ১০; মানিক খান ১/২৫, আরাফাত সানি ১/৩৫)

ফল : সিলেট বিভাগ ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা : জাকির হাসান (সিলেট)।