ধোনি হতে চান কার্তিক

স্পোর্টস রিপোর্টার

গত বিশ্বকাপের পর থেকেই আর দলে নেই দিনেশ কার্তিক। কিন্তু গত এক বছরে তার টি-টোয়েন্টিতে রেকর্ড অসামান্য। এই সময়ে যে কয়টা ম্যাচ ভারত জিতেছে, তার প্রায় সবগুলোতে জয় এনে দেওয়ার চূড়ান্ত কাজটা করেছেন কার্তিক। এক সময় মহেন্দ্র সিং ধোনি যেমন ফিনিশার ছিলেন, টি-টোয়েন্টিতে সেই কাজটাই করছিলেন কার্তিক।

জাতীয় দলে না থাকায় এখন ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছেন কার্তিক। তার আগে বলছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান তিনি। আর সুযোগ পেলে তিনি ধোনির যোগ্য বিকল্প হয়ে উঠতে চান বলে জানিয়ে ছিলেন।

হাজারে ট্রফির আগে কার্তিক বলে ছিলেন, ‘এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) এখনো এক বছর দূরে। তবে আমি যদি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম করতে থাকি, তাহলে আমি নিশ্চিত যে, আমি ওখানে যাবো এবং খেলব। কারণ আমি মনে করি, এটা (ফিনিশারের ভূমিকা) ভারতীয় দলও খোঁজ করছে। তারাও চায় দলে এমন একজন থাকুক যে পরিস্থিতি বুঝতে, দলকে ম্যাচ জয়ের কাছে নিয়ে যাবে এবং দলের সেরাটা করে আসবে।’

কার্তিকের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিপক্ষে দলকে জয় এনে দেয়া। ৮ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন। আর শেষ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেছিলেন। গত দুই বছরে সফল রান তাড়ায় এই ফরম্যাটে দুনিয়ার আর কেউ কার্তিকের চেয়ে ভালো ছিলেন না। এই সময়ে ভারত যে ৭টি ম্যাচ রান তাড়া করে জিতেছে, প্রতিটাতেই শেষ সময়ে উইকেটে ছিলেন তিনি। আর এই ম্যাচগুলোতে তিনি ১৪২.৪২ স্ট্রাইকরেটে ১৪১ রান করেছেন!

কার্তিক এরপরও টি-টোয়েন্টি দলে জায়গা না হওয়াটা কষ্ট পেয়েছেন। কিন্তু তিনি মনে করেন, ধোনির জায়গায় টি-টোয়েন্টি দলে তিনি নিজেই সবচেয়ে মানানসই। আর সেটার জন্যই নিজেকে প্রস্তুত করছেন, ‘আমি মনে করি, আমি যে অল্প কিছু টি-টোয়েন্টি খেলেছি, সেখানে কাজটা করতে পেরেছি। বিশ্বকাপে খারাপ করার জন্য আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমি বিশ্বাসি করি, ধোনি অনেক বছর ধরে যে কাজটা করেছে, আমি সেই কাজটা করার জন্য এখন মানানসই। আমি কেকেআর ও তামিল নাড়ুর হয়ে এই কাজটাই করছি। ফলে আমার জন্য একটা দরজা খোলার জন্যই মুখিয়ে আছি আমি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলতে চাই আমি।’

কার্তিক বিশ্বকাপে দুই ইনিংসে ১৪ রান করার পর তিনি একাদশ থেকে আর টুর্নামেন্টের পর দল থেকে বাদ পড়েন। কিন্তু তামিল নাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতেও দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ৬ ইনিংসে ৮৭.২৫ গড়ে ৩৪৯ রান করেছেন। এই সময়ে তার স্ট্রাইক রেট ১৩৫-এর ওপরে ছিল।

কার্তিক বলছেন, এই ধরনের কঠিন পরিস্থিতিতেই ব্যাট করাটা তিনি পছন্দ করেন। আর এতে তিনি অন্য ব্যাটসম্যানদের ভালো খেলার সুযোগ করে দিতে পারেন, ‘আমি এই ধরনের কঠিন পরিস্থিতিতেই খেলতে চাই। এতে আমি অন্য ব্যাটসম্যানদের ভালো খেলার সুযোগ করে দিতে পারি। আমি ম্যাচের কঠিন পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’