স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
চেন্নাই সিটি এফসি শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নিতে গতকাল রাতে চট্টগ্রামে এসে পৌঁছার কথা। টুর্নামেন্টের অন্য ভারতীয় দল গোকুলাম কেরালা পৌঁছাবে আজ সোমবার সকালে। ফলে, বাধ্য হয়েই আয়োজকরা টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনছেন।
দুটি দলেরই আজ প্রথম ম্যাচে মাঠে নামার কথা। এর মধ্যে গোকুলামের খেলাটি ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে। আয়োজকরা যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে, এখন পর্যন্ত শঙ্কা আছে চেন্নাই সিটির ম্যাচটি নিয়েও।
শুরুতে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনীর টুর্নামেন্টে খেলার কথা ছিল। তবে শেষ সময়ে এসে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় দলটি। অজুহাত ছিল প্রস্তুতিতে স্বল্পতা? তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গ্রুপিং পছন্দ না হওয়াতেই নিজেদের সরিয়ে নিয়েছিল তারা।
আবাহনীর এই আচমকা পিছু হটা পুরো টুর্নামেন্টেই প্রভাব ফেলছে। শেষ সময়ে গোকুলাম কেরালাকে আমন্ত্রণ জানিয়ে আনতে হয়েছে কর্তৃপক্ষকে। যাবতীয় ছাড়পত্র নিয়ে দলটি বাংলাদেশে আসতে বেশ সময় নিয়েছে। ফলে বাধ্য হয়েই সূচি বদলাতে হয়েছে আয়োজকদের।
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ গোকুলামের খেলার কথা বসুন্ধরা কিংসের বিপক্ষে। ম্যাচটি পিছিয়ে যাওয়ায় বন্দরনগরীর এই টুর্নামেন্টে অভিষেকের জন্য অপেক্ষার প্রহরটা আরেকটু দীর্ঘায়িত হয়েছে দলটির।