অনূর্ধ্ব-১৬ দলের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা

পাকিস্তান সফরের জন্য প্রস্তুত বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। আজ সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে কিশোরদের পাকিস্তানে পাঠানোর সব আয়োজনও সম্পন্ন করেছে বিসিবি; কিন্তু এই সফর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।  বিসিবির বক্তব্য ছিল, নিরাপত্তা পরিদর্শক দলের রিপোর্টের পরই অনূর্ধ্ব-১৬ দল ও নারী দল পাকিস্তানে যাবে। বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে গতকাল বলেছেন, নিরাপত্তা পরিদর্শক দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পাঠানো হবে অনূর্ধ্ব-১৬ দলকে। যদিও গতকাল দলটির কোচ মিজানুর রহমান বাবুল বলছেন, ‘আমি যতদূর শুনেছি এই সফর নিশ্চিত। আনুষ্ঠানিকভাবে হয়তো ঘোষণা আসেনি।’ আজ ফ্লাইটে চড়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে গোটা দল। এই সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুইটি তিনদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে অনূর্ধ্ব-১৬ দল। ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডিতে।