বৈষম্য দূর করতে কৌশল খুঁজে বের করা হবে :পরিকল্পনামন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নের প্রাথমিক পর্যায়ে প্রবৃদ্ধি ও বৈষম্য সমান্তরালভাবে চলবে বলে আমার ধারণা। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখন আমাদের কাজ হবে বৈষম্য দূর করতে বিভিন্ন বিধি বিধান এবং কৌশল খুঁজে বের করা। গতকাল রবিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ?্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) পলিসি অ?্যানালাইসিস কোর্সের ৭ম ব্যাচের সেমিনার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন বিআইজিএমের চেয়ারপার্সন ও বোর্ড অব ট্রাস্টি এম মতিউল ইসলাম, অর্থ বিভাগের যুগ্মসচিব ফারহিনা আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা অনেক আয় করছি, আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে। বৈষম্য বাড়ছে এ বিষয়ে আমরা অবগত আছি। তবে আমরা মনে করি, আমাদের উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বোধ হয় এইটাকে পরিহার করা সম্ভব নয়। তিনি বলেন, ন্যূনতম খাবারের অভাব, কাজের অভাব বোধ হয় গত কয়েক বছরে আমরা দূর করেছি, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে। এখন আমাদের কাজ হবে বৈষম্য দূর করতে বিভিন্ন বিধি বিধান এবং কৌশল খুঁজে বের করা। উন্নয়ন প্রকল্পে বরাদ্দের বিষয়ে তিনি বলেন, টাকা আমরা কম দিচ্ছি, বেশি দিচ্ছি সেটা বড়ো কথা নয়। টাকা সঠিকভাবে খরচ হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। সরকার এই বিষয় নিয়ে মোটেই অবহেলা করছে না। আমরা এটা নিয়ে চিন্তিত। সকলের সহযোগিতা নিয়ে আমরা নতুন কোনো ধারণা আনার চেষ্টা করব।