সৃজনশীল প্রশ্নপত্র না আসায় পরীক্ষা দিতে পারেনি পরীক্ষার্থীরা

সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন সরবরাহ না থাকায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। শুধু নৈর্ব্যত্তিক ৩০ নম্বরের পরীক্ষা দিয়েই চলে যেতে হয়েছে তাদের। এতে করে ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

অভিযোগে জানা গেছে, সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ বছর ১৮৯ জন শিক্ষার্থী এসএসসি নির্বাচনি পরীক্ষায় অংশ নিচ্ছে। শনিবার বিকাল হাফে (২টা থেকে ৫টা পর্যন্ত) ছিল সাধারণ গণিত পরীক্ষা। যথা সময়ে পরীক্ষা শুরু হয়। কিন্তু ৩০ নম্বরের নৈর্ব্যত্তিক পরীক্ষা শেষ হওয়ার পর সৃজনশীল প্রশ্ন সরবরাহ না থাকায় ফিরিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের।

প্রধানশিক্ষক বিজয় কুমার দেবনাথ বলেন, ভুলবশত ঐ প্রশ্নের প্যাকেটটি আসেনি। আগামী ২৮ অক্টোবর পরীক্ষাটি নেওয়া হবে বলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহম্মেদ বলেন, তিনি বিদ্যালয়ের সভাপতি অথচ তাকেই বিষয়টি জানানো হয়নি।